দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বুধবার ৩০ বছরের একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা দেবে। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। ফলে এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কতটা কার্যকর হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের পারমাণবিক কর্মসূচির ধরন ভিন্ন ভিন্ন।
ইরান
ইরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশটির কর্মসূচির সূচনা হয়। পরে নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার পর পশ্চিমা দেশগুলো অভিযোগ তোলে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ২০১৫ সালে আন্তর্জাতিক চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে সম্মত হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে ইরান সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়।
ইসরায়েল
ইসরায়েল কখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের মতে, দেশটির কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য নয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকেও তাদের কর্মসূচি পরিদর্শনের সুযোগ দেয় না।
সংযুক্ত আরব আমিরাত
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করে দেশটি। বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ তদারকিতে পরিচালিত হয় এই কর্মসূচি।
তুরস্ক
তুরস্কের নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই। তবে রাশিয়ার সহায়তায় আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে দেশটি, যা জাতীয় বিদ্যুতের প্রায় ১০ শতাংশ সরবরাহ করবে। সাম্প্রতিক সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন।
মিসর
রাশিয়ার সহযোগিতায় এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে মিসর। এটি চালু হলে প্রায় ৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। অতীতে সামরিক পারমাণবিক কর্মসূচির চেষ্টা থাকলেও বর্তমানে দেশটির কর্মসূচি বেসামরিক।
ইরাক
সাদ্দাম হোসেনের আমলে ইরাক গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছিল। তবে বিভিন্ন সামরিক হামলা এবং আন্তর্জাতিক পরিদর্শনের পর সেই কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অংশীদার খুঁজছে দেশটি।
সৌদি আরব
সর্বশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার পথে এগোচ্ছে। চুক্তিটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মধ্যপ্রাচ্যের বাইরে অঞ্চলটির প্রতিবেশী পাকিস্তানও একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ। ভারতের সঙ্গে প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে দেশটি কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে।
/অ